
নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ পিস ইয়াবা ও নগদ আট হাজার ৯০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ রোববার (৪ অক্টোবর) এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জামান মিয়া (৪২)।
এসআরবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি বিশেষ দল। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ আট হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও জব্দকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃতদের সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।