
আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের রেজাউল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে বাড়ি থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাঁদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে গ্রাম পুলিশ লেবু মিয়া বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ জানায়, নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।