
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে সংঘবদ্ধ গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে অটোরিকশাটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই দুজন। এ সময় চালকের স্ত্রী বিষয়টি টের পেয়ে তার স্বামীকে ডাকেন। চালক সিদ্দিকুর রহমান ঘর থেকে বেরিয়ে অটিটোরিকশাটি টেনে ধরার চেষ্টা করলে চোরেরা তাকেসহ অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে চালক ও তার পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হয়। খবর পেয়ে গ্রামবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে চোরেরা তিস্তা সেচ ক্যানেলের কাছে অটোরিকশাটি ফেলে ধানক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে সংঘবদ্ধ পিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান বলেন, “আমার স্ত্রী চোরদের অটোরিকশা নিয়ে যেতে দেখে আমাকে ডাকেন। আমি বের হয়ে গাড়িটি ধরে রাখার চেষ্টা করলে তারা আমাকেসহ গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আমি চিৎকার করলে মসজিদের মুসল্লিরা বের হয়ে তাদের ধাওয়া দেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।