
নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর খামার মোড় এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গিয়ে তীব্র প্রতিরোধ ও হট্টগোলের মুখে পড়েছে সিটি করপোরেশন ও প্রশাসনের যৌথ অভিযান।পূর্বঘোষণা ও উচ্ছেদ নোটিশ উপেক্ষা করে হকার ও ব্যবসায়ীদের একাংশ সংঘবদ্ধ হয়ে বাধা সৃষ্টি করায় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খামার মোড়ের এই দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা আদায়কারী একটি প্রভাবশালী সিন্ডিকেট মূলত স্বার্থ রক্ষা করতে গিয়ে এই উচ্ছেদ অভিযানে সরাসরি বাধা দেয়। যৌথ উচ্ছেদ দলটি অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান ভাঙতে শুরু করলে হকার ও ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা উচ্ছেদ কাজের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন এবং আকস্মিক সড়ক অবরোধের কারণে ব্যস্ততম খামার মোড় ও সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ব্যবসায়ীদের দাবি, “বিকল্প পুনর্বাসন ছাড়া রুটি-রুজিতে এভাবে সরাসরি আঘাত মেনে নেওয়া যায় না।” অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দিয়ে জানানো হয়েছে, “বারবার সতর্ক করার পরও যারা ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ রেখেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পুরো এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। রংপুর সিটি করপোরেশন প্রশাসনের স্পষ্ট ঘোষণা—জনস্বার্থে দখল হওয়া ফুটপাত উদ্ধার করতে খুব শীঘ্রই আরও কঠোরভাবে এই অভিযান পরিচালনা করা হবে।