
আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুর সদর উপজেলার পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নবগঠিত এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন রংপুর জেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সদ্যপুস্করিনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ।
গতকাল ২৬ অক্টোবর (সোমবার) দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে অন্যান্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি (সদস্য) হিসেবে মো. গোলাম রব্বানী, অভিভাবক সদস্য হিসেবে মো. উমেদ আলী এবং সদস্য সচিব হিসেবে পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
এদিকে মো. হারুন অর রশিদ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।