
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
“শহিদদের রক্তে লেখা ইতিহাস, আমাদের প্রেরণার চিরন্তন উৎস।” এই স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস-২০২৬। ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে শহিদ হওয়া বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের এই রক্তক্ষয়ী সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে এক অবিনাশী অধ্যায়। শহিদদের এই আত্মত্যাগের সুবাদেই দেশের মানুষ নতুন করে স্বাধীনভাবে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, শহিদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে দলমমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।