
মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ‘খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এ লটারিতে মোটরসাইকেল বিজয়ী হয়েও তা না পাওয়ার অভিযোগ উঠেছে। বিজয়ী টিকিট জমা দেওয়ার পরও পুরস্কার না দিয়ে মেলার ইজারাদারসহ পরিচালনা কমিটি মেলা গুটিয়ে স্থান ত্যাগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেলা ইজারাদারসহ তিনজনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
গতকাল মঙ্গলবার (২৫শে আগস্ট) রাতে বদরগঞ্জ থানায় লিখিত এই অভিযোগটি দায়ের করেন উপজেলার উত্তর বাউচণ্ডি কাজী পাড়া এলাকার বাসিন্দা নূর ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার লটারির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে নূর ইসলামের ছেলে নাছিম মিয়ার ক্রয়কৃত ‘খ’ সিরিজের ‘গোলাপী’ রঙের ১৯৬৩০৩ নম্বর টিকিটে ১০ নম্বর পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল বিজয়ী হয়। ফলাফল ঘোষণার রাতে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত হওয়ার পরদিন (১৮ আগস্ট) সকালে টিকিট ও প্রয়োজনীয় প্রমাণাদিসহ মেলা মাঠে যান ভুক্তভোগী নূর ইসলাম।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মেলা মাঠে পৌঁছানোর পর মেলার ইজারাদার মো. বেলাল হোসেন, তানভীর আহমেদ তমাল এবং লটারি পরিচালনার দায়িত্বে থাকা শামীমের সঙ্গে দেখা করেন নূর ইসলাম। এ সময় মেলা কমিটির কাছে প্রাপ্ত মূল টিকিট, ছবি ও স্লিপ দেখালেও লটারি পরিচালক শামীম তা গ্রহণে অস্বীকৃতি জানান। উল্টো টিকিটটি নিজের কাছে সংরক্ষিত আছে দাবি করে মোটরসাইকেলটি দিতে অপরাগতা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে বিজয়ীকে পুরস্কার না দিয়েই তড়িঘড়ি করে মেলা গুটিয়ে এলাকা ত্যাগ করে মেলা কর্তৃপক্ষ ও লটারি পরিচালনাকারীরা।
ভুক্তভোগী মো. নূর ইসলাম বলেন, “আমার ছেলে বৈধভাবে টিকিট কেটে মেলায় মোটরসাইকেল বিজয়ী হয়েছে। কিন্তু মেলা কর্তৃপক্ষ ও লটারি পরিচালনাকারীরা জালিয়াতির আশ্রয় নিয়ে আমার পাওনা পুরস্কারটি না দিয়ে পালিয়ে গেছে। আমি মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মেলায় লটারির মোটরসাইকেল না দেওয়া এবং মেলা কমিটি স্থান ত্যাগ করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।