
মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোড়ে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালু বা মাটিবাহী ডাম্প ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।