
বিশেষ প্রতিনিধি, রংপুর:
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে পৃথক পৃথক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে রংপুর জেলা ও মহানগর যুবদল। বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রংপুর নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীর আবহ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা যুবদলের উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহাফুজ নবী ডন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মো. লিটন পারভেজ, জেলা যুবদলের সহসভাপতি রাকিব হোসেন এবং রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মহানগর যুবদলের শোভাযাত্রা ও সমাবেশ:
এদিকে একই দিন দুপুর দেড়টায় একই স্থান থেকে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও চোখ ধাঁধানো ঘোড়ার গাড়ি নিয়ে একটি সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহাফুজ নবী ডন।
সমাবেশে আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক ওহায়েদ মুরাদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে রংপুর জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।